Covering SB 64

তুরস্ক বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে, বন জলবায়ু সম্মেলনে দাবি তুলল ৭৪টি আন্তর্জাতিক সংস্থা*

প্রাথমিক ভাবে দাবি মেনে নিয়েছে কপ ৩১ এর জলবায়ু সম্মেলনের ভারপ্রাপ্ত সভাপতি অফিস

জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার দাবি উঠল বন সম্মেলনে (Photo Source: The Plurals)

চলতি বন জলবায়ু সম্মেলনে বিশ্বের প্রথম সারির ৭৪টি স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠনের একটি জোট জানিয়েছে যে আগামী নভেম্বর মাসে তুরস্কের আনতালিয়ায় যে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ ৩১ অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জলবায়ু পরিবর্তনের যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে রাখা হোক।     

এই দাবিটি গত সপ্তাহে বন-এ জাতিসংঘের জলবায়ু আলোচনায় , যার পোশাকি নাম এস বি বা সাবসিডিয়ারি বডি, উঠে এসেছে।

স্বাস্থ্যবিষয়ক এই জোটে বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলির পাশাপাশি পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা নানা নাগরিক সংগঠনও রয়েছে ।

দাবি জমা পড়েছে কপ ৩১ প্রেসিডেন্টের কাছে

“স্বাস্থ্যকে গুরুত্ব না দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করা সম্ভব নয়,”তুরস্কের রাইট টু ক্লিন এয়ার প্ল্যাটফর্ম-এর উদ্যোগে গঠিত জোটটি এ কথা স্পষ্ট করে বলেছে। বন আলোচনা শুরু করার আগে এই দাবিপত্রটি কপ ৩১-এর সংগঠকদের কাছে জমা দেওয়া হয়। জোটটি দাবি করেছে যে কপ ৩১ এর অ্যাকশন অ্যাজেন্ডাতে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল যে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই বিষয়টিকেও
সরকারিভাবে মেনে নিতে হবে। 

রয়েছে পৃথিবীর প্রথমসারির বিশেষজ্ঞ সংস্থারা

রাইট টু ক্লিন এয়ার প্ল্যাটফর্ম-এর নেতৃত্বে গঠিত এই উদ্যোগে যুক্ত রয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স, ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি, ইউরোপিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, 350.org, দ্য ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আওয়ার কমন এয়ার, এনসিডি অ্যালায়েন্স, কলাম্বিয়া ইউনিভার্সিটি গ্লোবাল কনসোর্টিয়াম অন ক্লাইমেট অ্যান্ড হেলথ এডুকেশন, সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল , গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্স এবং তুরস্কের মেডিক্যাল অ্যাসোসিয়েশন সহ আরও বহু আন্তর্জাতিক স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু সংগঠন। 

দাবি মানলো কপ ৩১ প্রেসিডেন্ট অফিস

উল্লেখযোগ্যভাবে, বিভিন্ন সংগঠনের দাবির সঙ্গে সঙ্গতি রেখে COP31-এর সভাপতির অফিস ইতিমধ্যেই অ্যাকশন অ্যাজেন্ডায় স্বাস্থ্যকে একটি স্বতন্ত্র আলোচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত  করেছে। 

ভারত বর্তমানে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এক নজিরবিহীন ও গুরুতর জনস্বাস্থ্য সংকটের মুখোমুখি। তথ্য অনুযায়ী, গত বছরে দেশের প্রায় ৯৮ শতাংশ দিনেই কোনো না কোনো আবহাওয়াজনিত বিপর্যয় ঘটেছে, যার সঙ্গে জড়িয়ে আছে জলবায়ু পরিবর্তন। এর ফলে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর ক্রমশ আরও বড় চাপ সৃষ্টি হচ্ছে । 

দাবি তালিকা   

স্বাস্থ্যকে কপ ৩১ অ্যাকশন অ্যাজেন্ডার একটি স্বতন্ত্র ও শক্তিশালী অগ্রাধিকারমূলক ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে, জ্বালানি, পরিবহন, শিল্প, কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা সহ  সমস্ত  গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাস্থ্যকে যুক্ত করতে হবে।

এছাড়াও, জলবায়ু-সম্পর্কিত স্বাস্থ্যের ঝুঁকি ও বৈষম্য কমাতে এবং সামাজিক সহনশীলতা (social resilience) বৃদ্ধি করতে জলবায়ু নীতিতে  স্বাস্থ্যকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করতে হবে। 

জীবাশ্ম জ্বালানিকে ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য’  হিসেবে স্বীকৃতি দিতে হবে, কারণ উত্তোলন থেকে শুরু করে পোড়া পর্যন্ত পুরো চক্রটিতেই এটি স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন যে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য স্বাস্থ্যব্যবস্থা কতটা সক্ষম তা সরাসরি নির্ভর করে সরকারি মিটিগেশন ও অ্যাডাপ্টেশন নীতির ওপর। তারা সতর্ক করে দিয়েছেন যে, দ্রুত ও জরুরি পদক্ষেপ গ্রহণ না করা হলে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব সামাল দিতে গিয়ে স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা প্রান্তসীমায় পৌঁছে যেতে পারে এবং তা গুরুতর চাপের মুখে পড়তে পারে। তুরস্কের কপ ৩১ সভাপতি অফিস বিষয়টির গুরুত্ব স্বীকার করেছে ও সম্প্রতি কপ ৩১ অ্যাকশন অ্যাজেন্ডায় ‘ডাইনামিক অ্যান্ড রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ -কে একটি স্বতন্ত্র বিষয়  হিসেবে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য সম্প্রদায়   এই পদক্ষেপকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছে এবং এর স্বীকৃতি দিয়েছে।    
“কপ ৩১ এর নিযুক্ত সভাপতি ও তার টিমের প্রস্তুত করা প্রাথমিক খসড়ায় স্বাস্থ্য বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। সেই প্রেক্ষাপটে অ্যাকশন অ্যাজেন্ডায় স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ বলে আমরা মনে করি,” বলেন ডেনিজ গুমুজেল, যিনি রাইট টু ক্লিন এয়ার প্ল্যাটফর্ম-এর সমন্বয়ক।

তিনি দাবি করেন, “আগামী কপ- এর সরকারি আলোচনাসুচিতে স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, নাগরিক সমাজ এবং একাডেমিক মহল দ্বারা তৈরি চাপের কারণে প্রভাবিত হয়েছে, যার মধ্যে বিশ্বের ৭৪টি সংস্থার জমা দেওয়া যৌথ আবেদনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করেছে।” 

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার সব ধরনের নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বাস্থ্যকে মূলধারায় অন্তর্ভুক্ত করা এখন অত্যন্ত জরুরি, যাতে জলবায়ু সংকটের মানবিক ও স্বাস্থ্যগত প্রভাব কার্যকরভাবে মোকাবিলা করা যায়।আরেক বিশেষজ্ঞ জেমিলাহ মাহমুদ বলেন, “স্বাস্থ্যকে দশম অ্যাকশন এজেন্ডা থিম হিসেবে অন্তর্ভুক্ত করা কোনো প্রতীকী পদক্ষেপ নয়।” বরং এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি যে জলবায়ু সংকট ইতিমধ্যেই একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থায় পরিণত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধি থেকে শুরু করে প্রাণঘাতী তাপপ্রবাহ আমাদের অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দিচ্ছে ।

প্রতিবেদন সহায়তা : সুজাতা বসু, কলকাতা

×